প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র্যাব

জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র্যাব
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে জাল শিক্ষা সনদ বিক্রির একটি সংঘবদ্ধ চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ইন্ডাস্ট্রিয়াল পার্ক-সংলগ্ন শ্রমিক কলোনি এলাকায় অভিযান চালিয়ে চক্রের ওই সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন।
চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম) এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন দেখিয়ে গ্রাহক সংগ্রহ করতো।
গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদের পিডিএফ তৈরি করে দিত। পরবর্তীতে রাজশাহীতে স্থাপিত তাদের মুদ্রণ ব্যবস্থা থেকে আসল কপি ছাপিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বিস্তার করে আসছিল।
র্যাব-৯ এর অফিসাররা জানান, এই ধরনের জাল সনদ বিক্রির প্রতারণা চাকরির বাজার ও দেশের শিক্ষাব্যবস্থার ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, আর অযোগ্যরা জাল সনদ নিয়ে চাকরি বা উচ্চশিক্ষায় ঢুকে পড়ছে। ফলে শিক্ষা ও কর্মক্ষেত্রে নৈতিকতা ও যোগ্যতার চরম অবক্ষয় ঘটছে।
র্যাব আরও জানিয়েছে, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে এ বিষয়ে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা বলেন, “জাল সনদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে এ ধরনের প্রতারক চক্রকে নির্মূল করা হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Shariatpur Express 24